সিগারেটের ভাগ দিতে অসম্মতি, যুবককে গুলি

সিগারেট দিতে অসম্মতি করায় এক যুবককে গুলি করেছে দুই অজ্ঞাত ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে ঘটেছে এই ঘটনাটি। আহত ওই যুবকের নাম আমির খান (২৩)। 

পুলিশকে দেয়া বিবৃতিতে আমির খান বলেন, তিনি এবং তার এক বন্ধু গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে একটি শপিং মলের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই  অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তার কাছ থেকে সিগারেট চায়।  

এরপর আমির খান সিগারেট দিতে না চাইলে ওই দুই ব্যক্তির সঙ্গে বিতর্ক বাধে। একপর্যায়ে ওই দুই অজ্ঞাত ব্যক্তির একজন পিস্তল বের করে আমিরকে গুলি করে। 

পুলিশ জানিয়েছে, আমির খান নামের ওই যুবকের বুকের ডানদিকে গুলি লেগেছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসআর