এক যুগে তারানা হালিমের ‘জীবন যেখানে যেমন’
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:২১
অভিনয়ে এখন দেখাই যায় না এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী তারানা হালিমকে। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে আছেন। রাজনীতি নিয়েই ব্যস্ততা বেশি। এই ব্যস্ততার মাঝেও একটি অনুষ্ঠান তিনি নিয়মিত করেন। আর তা হল চ্যানেল আইয়ের ‘জীবন যেখানে যেমন’। আর এরই মধ্যে অনুষ্ঠানটি প্রচারের একযুগ পূর্ণ করল। এ উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সমাজ সেবী, রাজনীতিবীদ, মন্ত্রী, গণমাধ্যম কর্মী, বিদেশী বন্ধু, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, তেমনি নির্যাতিত নারী, সুবিধা ও ন্যায়বিচারবঞ্চিত পথশিশু, হিজড়া, যৌনকর্মী, এইডস আক্রান্ত নারীরাও ছিলেন।
একযুগ পুর্তি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তারানা হালিম। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানটি নিয়ে বলেন ‘অনুষ্ঠানটি নিরলসভাবে একযুগ ধরে নির্মাণ করার জন্য তারানা হালিমকে ধন্যবাদ জানাই। তারানা হালিম যেখানে যেভাবে জীবনকে যেমন দেখেছেন তা তুলে ধরেছেন চ্যানেল আইয়ের পর্দায়। এতে আমাদের সমাজেরই উপকার হয়েছে।’
অনুষ্ঠানটি নিয়ে তারানা হালিম বলেন, ‘সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি নিয়ে এতটা পথ আসতে পেরেছি। এ অনুষ্ঠানের মাধ্যমে যদি সাধারণ মানুষের উপকার হয় তাহলেই আমরা সার্থক।’