বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্য তালগাছ বিলুপ্তির পথে
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৪২
গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যের প্রতীক তালগাছ হারিয়ে যেতে বসেছে। পুকুর পাড়, রাস্তার ধার ও বাড়ির পাশে ফাঁকা জায়গায় একসময় অসংখ্য তালগাছ দেখা যেতো। কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই। বরেন্দ্র এলাকার লাল মাটি থেকে ক্রমশ কমছে তালগাছ। বরেন্দ্র অঞ্চলের প্রবীণ ব্যক্তিরা জানান, মাটি ও টিনের বাড়ি তৈরিতে তালগাছের প্রয়োজন হয়। লাঙলের রিস ও গরুর গাড়ির ‘ধুরি’ তৈরিতে তালগাছ ব্যবহার করতেন কৃষকরা। চৈত্রমাসের প্রচণ্ড গরমে তালপাখা মানুষকে স্বস্তি দিতো। এ অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে তালপাখা দেশের বিভিন্ন এলাকায় যেতো। এমনকি পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গেও এখানকার তালপাখার চাহিদা ছিল।
একটা সময় প্রাকৃতিকভাবেই এ অঞ্চলে তালগাছ জন্মাত। তালের বীজের অভাবে এখন আর তালগাছ জন্মায় না বলে বরেন্দ্র অঞ্চলের লোকজন জানান। তবে ২০১০ সালের দিকে দারিদ্র্যবিমোচন ও মরুকরণের হাত থেকে রক্ষা করতে বরেন্দ্র অঞ্চলে তাল ও খেজুরগাছ লাগানো প্রকল্প গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, কৃষি সমপ্রসারণ অধিদফতর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বীজ সংগ্রহ করে রাস্তার দু’পাশে, পুকুর পাড়ে তালগাছের বীজ রোপণ করেছিল। ব্যাপকভাবে গাছও জন্মায়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে রোপণকৃত তালগাছগুলো শুকিয়ে মরে যায়।