২১ জানুয়ারি তদন্ত

চাটমোহরে স্কুল কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন ঐ স্কুলের ছাত্রী অভিভাবক মো. মোফাজ্জল হোসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের নিকট লিখিত অভিযোগে তিনি বলেছেন, বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি অবৈধভাবে গঠন করা হয়েছে। বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যরা কোন নিয়মনীতির ধার ধারেন না। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শক বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাবনা জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানিয়েছেন। আগামী ২১ জানুয়ারি জেলা শিক্ষা অফিসার মো. কুতুবউদ্দিন সরেজমিন তদন্তের দিন ধার্য করেছেন। অভিযোগের বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলালউদ্দিন জানান, কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত।