যশোরের পাঁচ উপজেলা প্রাথমিক শিক্ষার শীর্ষে

প্রাথমিক শিক্ষায় যশোর জেলা অভূতপূর্ব সাফল্য পেয়েছে। সারা দেশের সেরার তালিকায় শীর্ষ ৫টি উপজেলাই যশোরের। প্রাথমিক শিক্ষার মানদণ্ডে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কারটিও যশোরের দখলে। ৯৯ দশমিক ৯৭ শতাংশ পাসের হারের এই জেলা দেশের সেরা দ্বিতীয় জেলা নির্বাচিত হয়েছে। লালমনিরহাট জেলা শতভাগ পাসের হারে প্রথম স্থানে রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, পজেটিভ পাসের হার এবং নেগেটিভ অনুপস্থিতির হারের ভিত্তিতে প্রাথমিক শিক্ষায় উপজেলার অবস্থান নির্ণয় করা হয়। এই দুই মানদণ্ডে যশোরের ৮টি উপজেলার ৫টিই শীর্ষ পাঁচ স্থান দখল করেছে। এর মধ্যে কেশবপুর প্রথম, ঝিকরগাছা দ্বিতীয়, বাঘারপাড়া তৃতীয়, শার্শা চতুর্থ এবং যশোর সদর উপজেলা পঞ্চম স্থান লাভ করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ উপজেলার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ইত্তেফাককে বলেন, আমরা স্কুলে স্কুলে ঘুরে শিক্ষক এবং অভিভাবকদের ব্যাপকভাবে মোটিভেশন করেছি। শতভাগ স্কুলে স্টুডেন্টস কাউন্সিল গঠন করে তাদের মাধ্যমে অন্যদের উত্সাহিত করা এবং অনুপস্থিত ছেলে-মেয়েদের বাড়ি বাড়ি খোঁজ করে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তিনি জানান, উপজেলা পর্যায়ে এবারের সাফল্য ধরে রাখার পাশাপাশি যশোর জেলাকে শ্রেষ্ঠ স্থানে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এখনই আমরা মাঠে নেমে পড়েছি। এদিকে যশোর সদর উপজেলা জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অধিকার করায় এবং বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করায় বৃহস্পতিবার যশোর শহরে আনন্দ মিছিল বের করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার মিছিলে নেতৃত্ব দেন।