বিজিএমইএ’র উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১১
তৈরি পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সমপ্রতি ‘ক্র্যাশ’ প্রোগ্রাম চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার গাজীপুরে অবস্থিত কারখানাগুলোর প্রায় সোয়া দুইশ মধ্যম সারির কর্মকর্তাকে গাজীপুরের আনসার একাডেমীতে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। অগ্নিপ্রতিরোধ ও প্রতিহতকর, পোশাক কারখানায় অগ্নিদুর্ঘটনার কারণ, অগ্নিনির্বাপণের পদ্ধতি ও বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার, দুর্ঘটনাকালীন করণীয়, নিরাপদ নির্গমন, অগ্নিনিরাপত্তা পরিকল্পনা এবং অগ্নিমহড়া বিষয়ে এ প্রশিক্ষণ দেয়া হয়।
গত ১০ ডিসেম্বর থেকে বিজিএমইএ এই ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি শুরু করেছে। এর আগে ঢাকায় বিজিএমইএতে আশুলিয়া, মহাখালী, বনানী, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও মিরপুরের তৈরি পোশাক কারখানাগুলোর ১ হাজার ৩২৩ জন মধ্যম পর্যায়ের কর্মীকে ৫টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মী কারখানার অন্য কর্মীদের প্রশিক্ষণ দেবেন।