মেহেরপুরে চাঞ্চল্যকর মহির হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন জামিনে মুক্ত

মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দীর মহির হত্যার অভিযোগে আটক বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ গাংনী উপজেলা যুবদল, কৃষকদল ও ছাত্রদলের ৯ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নেতা-কর্মীরা জামিন পেয়ে মেহেরপুর জেলখানা থেকে বের হয়ে আসেন। গাংনী উপজেলার বামুন্দীর মহির হত্যার অভিযোগে গত ৯ ডিসেম্বর বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বাচ্চু, ছাত্রদল নেতা সোহাগ, আব্দুল হান্নান, মহরম, কৃষকদল নেতা চঞ্চল, চপল ও জাহিদকে আটক করা হয়। নেতা-কর্মীরা জেলখানা থেকে বের হয়ে এলে মেহেরপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোরাদ হোসেন তাদের ফুলের মালা পরিয়ে জেলগেটে স্বাগত জানান। এসময় গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বিএনপির প্রবীণ নেতা আব্দুল গনি বিশ্বাস, আহসান হাবিব, ফুলচাঁদ, গিয়াসউদ্দিন, সাইদুর রহমান, রাহিদ বিশ্বাস, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, কাউছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।