হিন্দু পারিবারিক আইন সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১২
হিন্দু পারিবারিক আইন সংশোধনের অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে হিন্দু পারিবারিক আইন সংশোধনের পাঁয়তারা করছে। কিন্তু হিন্দু পারিবারিক আইনে হিন্দু বিবাহ একটি ধর্মীয় সংস্কৃতি ও বৈদিক আমল থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত সর্বজন স্বীকৃত আইন। হিন্দু বিবাহ কোন প্রকার চুক্তিভিত্তিক বিবাহ নয়। তাই হিন্দু বিবাহ নিবন্ধন ঐচ্ছিক বা বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নেই। বক্তারা শ্মশান ও দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য অবিলম্বে দেবোত্তর বোর্ড গঠন করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ অশোক তরু, সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এসকে বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাস প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি