উল্লাপাড়ার সোনতলা সেতু উদ্বোধনের অপেক্ষায়
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১৩
বেলকুচি ও এনায়েতপুর উপজেলার সাথে উল্লাপাড়া উপজেলার সেতুবন্ধন সোনতলা সেতু আগামী ২ ফেব্রুয়ারি উদ্বোধনের অপেক্ষায়।
উল্লাপাড়া উপজেলার তাঁত শিল্প অধ্যুষিত বালসাবাড়ী বাজারের ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঢালু থেকে ১৮ ফুট প্রশস্ত ১ কিলোমিটার সংযোগ সড়ক করতোয়া নদীর পারে সোনতলা সেতুর সাথে মিলিত হয়েছে। সেতুর পূর্ব পারেও সোনতলা গ্রামের মধ্য দিয়ে একই প্রশস্ততায় ১ কিলোমিটার এ্যাসফ্যাল্ট কংক্রীটের সড়ক তৈরি করা হয়েছে। উল্লাপাড়া থেকে বেলকুচি পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের মধ্যে সোনতলা সেতু সংলগ্ন উভয় পাশে মাত্র ২ কিলোমিটার প্রশস্ত ও উন্নত সড়ক নির্মিত হয়েছে। এই সেতু উদ্বোধনের পর বাড়তি যানবাহন অবশিষ্ট ১৪ কিলোমিটার সড়কে যাতে করে দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারে সে বিষয়টি বিবেচনায় এনে সরকার গত ডিসেম্বর একনেকের বৈঠকে সোনতলা সেতুর সাথে সংগতি রেখে একই প্রশস্ততায় সড়ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকা অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে, আগামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সফরের যে পরিকল্পনা রয়েছে সেদিনই সেতুটি উদ্বোধন হতে পারে।