শ্রীপুরে আহত ব্যক্তির মৃত্যুর ঘটনায় লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গতকাল শুক্রবার ভোর রাতে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের ১৫টি বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। গত ৯ জানুয়ারি প্রতিপক্ষের হাতে জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আতর আলী বিশ্বাস(৪০)নামে এক ব্যক্তির মৃত্যু ঘটলে এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটকারীরা মৃত আতর আলীর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। গ্রামবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমতৈল গ্রামের আতিয়ার রহমান ও মালেক মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই গ্রামের শিল্পপতি রফিকুল ইসলাম আতিয়ার গ্রুপকে এবং অপর শিল্পপতি ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম বাবলা মালেক মোল্লা গ্রুপকে মদদ দিয়ে আসছে। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় মালেক মোল্লার লোকজন প্রতিপক্ষ আতিয়ার রহমানের সমর্থক আতর আলীকে কুপিয়ে গুরুতর জখম করলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আতর আলীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীপুর থানা-পুলিশ গত বৃহস্পতিবার সজিব বিশ্বাস(২৫) ও সোহান শিকদারকে (২৬) আটক করেছে। চরম উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রীপুর থানার অফিসার-ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম জানান,পুনরায় কোন ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।