শিবপুরে জমি দখলের অভিযোগ

ভূমিদস্যু বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই আবুল হাসেম মারা গেলে তার দোকানপাট, জায়গা-জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন বড় ভাই। তাদের নির্যাতনে আবুল হাসেমের স্ত্রী নাছিমা বেগম (৩৫) গুরুতর আহত হন। এছাড়াও তিন বছরের শিশু সোহানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামে। লাখপুর বাজারে আবুল হাসেমের দোকান ভিটির প্রায় তিন শতাংশ জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে জবর-দখল করে রেখেছেন বড় ভাই । অভিযোগে প্রকাশ, উক্ত ভূমিদস্যু তার আপন ভাগিনা একই গ্রামের প্রবাসী মোফাজ্জল হোসেন ও তোফাজ্জল হোসেনের ক্রয় করা পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। এদিকে ২২ ডিসেম্বর লাখপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি মো. শাহাদাত্ হোসেন নাজিরের সভাপতিত্বে সিদ্ধান্ত হয় যে, আবুল হাসেমের দুই মেয়ে শারমিন সুলতানা ও সুমাইয়া সুলতানা লাখপুর বাজারে দোকান ঘরের জায়গার প্রকৃত মালিক এবং তাদের জায়গা বুঝিয়ে দিতে বড় ভাইকে নির্দেশ প্রদান করা হয়। তারপরও সিদ্ধান্তকে অবজ্ঞা করা হচ্ছে।