কুলিয়ারচরে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১৫
পূর্ব শত্রুতার জের ধরে কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা ও বড়খারচর গ্রামবাসীর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। গত বুধবার শীতকালীন মেলায় উপজেলা সদরের গাইলকাটা গ্রামের এক যুবককে পার্শ্ববর্তী বড়খারচর গ্রামের কয়েকজন যুবক মারপিট করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা রোডে দু’গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পুরো উপজেলা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহতদের মধ্যে চারজনকে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বড়খারচর গ্রামবাসী গাইলকাটার নিজাম ক্বারীর ধানের বয়লারে আক্রমণ চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ফলে গাইলকাটার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পৌর বাজারে বড়খারচর গ্রামের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে ভাংচুর করে। একপর্যায়ে রাজ সিনেমা হল ও ফয়েজউদ্দিনের টাটা পিক-আপে অগ্নিসংযোগ করে। পৌর বাজারের প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যার পর র্যাব আসলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে থানা গেছে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ বাদী মামলা হয়েছে।