রাজশাহীতে জমে উঠেছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’

রাজশাহী জেলা জিমনেসিয়ামে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা ‘বিসিএস ডিজিটাল এক্সপো-২০১৩’ জমে উঠেছে। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনে মেলায় প্রযুক্তিপ্রেমী দর্শকদের ঢল নামে। উপচেপড়া ভিড়ে পা ফেলার জায়গাটুকু ছিল না। নতুন প্রজন্মের উচ্ছ্বসিত পদচারণা আর জম্পেশ বিকিকিনিতে প্রদর্শনী প্রাঙ্গণে এদিন ছিল প্রাণের মেলা। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল জীবনধারাভিত্তিক হালনাগাদ পণ্যের প্রদর্শনী ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণ ভরে উপভোগ করেছেন সেসব। শিশুদের গেমিং জোনে সারাদিনই ছিল হৈ-হুল্লোড়। গতকাল বিকাল ৩টায় মেলা প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বয়স ও বিষয়ভিত্তিক গ্রুপে শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে স্পন্সর সিস্টেম প্যালেস। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। প্রবেশ ফি ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারছে। শেষদিন বিক্রিত টিকেটের উপর র্যাফেল ড্র। আজ ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মেলা প্রাঙ্গণে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী ও অনুরাগী ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে সেমিনার।