সন্ত্রাসনির্ভর ছাত্র রাজনীতি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে — পীরসাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বর্তমানে সন্ত্রাসনির্ভর ছাত্র রাজনীতি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে দেশের ভবিষ্যত্ অন্ধকারাচ্ছন্ন। গতকাল শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ ীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বস্তুবাদী সংগঠন ছাত্রদেরকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আধিপত্য বিস্তারের জন্য তারা নৈতিক আদর্শ বিসর্জন দিয়ে অস্ত্রকে সম্বল বানিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ইশা ছাত্র আন্দোলনের সকল সদস্য, কর্মী ও মুবাল্লিগকে ঐক্যবদ্ধভাবে দেশের সকল ছাত্রের নিকট ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস.এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, সৈয়দ বেলায়েত হোসেন, অধ্যাপক মাওলানা এটি.এম. হেমায়েত উদ্দিন, মাওলানা মকবুল হোসাইন প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি পীরসাহেব চরমোনাই ২০১৩ সালের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মু. আরিফুল ইসলামকে সভাপতি, এইচ.এম রফিকুল ইসলামকে সহ-সভাপতি ও কে.এম আনিসুজ্জামানকে সেক্রেটারি জেনারেল করে কমিটি ঘোষণা করেন।