চট্টগ্রামে টুরিস্ট পুলিশ গঠনের উদ্যোগ

চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ পতেঙ্গা সমুদ্র সৈকত ও সংলগ্ন এলাকায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে টুরিস্ট পুলিশ গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টুরিস্ট পুলিশের এ ইউনিট পতেঙ্গা সমুদ্র সৈকত, কর্ণফুলি নদীর পূর্ব তীরে পারকি সমুদ্র সৈকত সংলগ্ন প্রায় ৩২ বর্গকিলোমিটার এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের (কেপিআই) নিরাপত্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা পালন করবে। চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব এ সপ্তাহেই সরকারের কাছে পাঠানো হবে বলে বৃহস্পতিবার ইত্তেফাককে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। উল্লেখ্য, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে অধিকাংশ পর্যটকই পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেক মনোরম পয়েন্টে যেতে চান না। সন্ধ্যার পর এ এলাকা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো শপিং মল, রেস্টুরেন্ট বা বিনোদন সহায়ক অন্য কোনো প্রতিষ্ঠান। দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে ইতিমধ্যেই টুরিস্ট পুলিশ গঠন করা হয়েছে। সিএমপি সূত্র জানায়, পতেঙ্গা ও পারকি পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশের ১২টি আউটপোস্ট গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব আউটপোস্ট তদারকির জন্য এপিসি (বন্দর টুরিস্ট), এপিসি (দক্ষিণ টুরিস্ট) এবং এপিসি (জীব বৈচিত্র্য সংরক্ষণ) পদ এবং ইউনিট ইনচার্জদের অধীনে দুটি স্বাধীন মহিলা ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। তিন এপিসিকে সহায়তার জন্য তিনজন পুলিশ পরিদর্শকের পদ সৃষ্টি করা হবে এবং মা ও শিশুদের বিশেষ সেবা ও নজরদারির জন্য তিনটি পুলিশ দল থাকবে।