চট্টগ্রাম-রাজশাহীর বড় ম্যাচ আজ ঢাকা নামবে এগিয়ে যেতে
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:৩০
এবারের বিপিএলে বেশিরভাগ ক্রিকেটারকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে—নিজের দলের বিপক্ষে খেলতে হবে, অধিনায়কত্ব করতে হবে। গতকালই মাশরাফি বিন মুর্তজা ঢাকার অধিনায়কত্ব করলেন খুলনার বিপক্ষে। আজ এই অভিজ্ঞতার মুখোমুখি হবেন তামিম ইকবাল। জন্মস্থান চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ নিজেদের প্রথম অভিযানে নামবেন দুরন্ত রাজশাহীর সাময়িক অধিনায়ক তামিম ইকবাল।
আজ দুপুর ২টায় চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। এরপর গতকালই প্রথম ম্যাচে জয় পাওয়া প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল রংপুর রাইডার্স।
এবার বিপিএলে দুরন্ত রাজশাহীর অধিনায়কত্ব করবেন আসলে অস্ট্রেলিয়ান তারকা সাইমন ক্যাটিচ। তিনি বিগ ব্যাশ খেলে এসে যোগ দেবেন দুই ম্যাচ পর। সে পর্যন্ত অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল।
প্রথম ম্যাচে নিজের দলের বিপক্ষে খেলা প্রসঙ্গে তামিম ইকবাল বলছিলেন, ‘আমরা সবাই পেশাদার ক্রিকেটার। যে কোনো দলের পক্ষে ভালো খেলতে হবে। আমি রাজশাহীতে এসে খুশি। যদিও দলে হঠাত্ করে পাকিস্তানি খেলোয়াড়রা না আসায় একটু সমস্যা হচ্ছে। ওরা শেষ সময়ে জানিয়েছে, আসবে না। তারপরও আমাদের দলের মালিক অনেক চেষ্টা করছেন। তবে আমরা পুরোপুরি চেষ্টা করছি কালকের আগে যেন প্রস্তুত হতে পারি। যদি ভালো বিদেশি বিকল্প না পাওয়া যায় তবে বাংলাদেশি খেলোয়াড় যারা রয়েছে তারা গুড এনাফ। আমরা একটা ভালো ম্যাচের আশা করছি।’
প্রতিপক্ষ রাজশাহী হলেও চট্টগ্রাম কিংস আগে থেকেই বেশ ভারসাম্যপূর্ণ দল করেছে। পাকিস্তানি ক্রিকেটাররা না আসার পরও ঢাকার পরই তারা সবচেয়ে ভালো ভারসাম্য ধরে রেখেছে। তারপরও প্রথম ম্যাচটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘প্রথম ম্যাচটা সবসময় খুব গুরুত্বের। একবার ভালো শুরু পেয়ে গেলে নিজেদের অনুপ্রাণিত করা সহজ হয়। রবি বোপারা, জেসন রয়, ব্রেন্ডন টেলর, এনামুল হক জুনিয়র, আরাফাত সানি, রুবেল হোসেন, আমি নিজে, কেভন কুপার মিলিয়ে দলটা খুবই ভারসাম্যপূর্ণ।’
এই ভারসাম্যপূর্ণ দলের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক বেশি। গতবারও সেটা ছিল। গতবার প্রত্যাশা পূরণ করতে পারেনি চট্টগ্রাম। এবার সেটা করতে চান রিয়াদরা, ‘সমর্থক ও মালিকের অনেক প্রত্যাশা আছে। গতবার আমাদের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। এবার সেই গতিটা ধরে রাখতে হবে আমাদের।’
নিজেদের ওপর বিশ্বাস থাকলেও প্রতিপক্ষকে একদম আগেই উড়িয়ে দিচ্ছেন না রিয়াদ। বরং রাজশাহীকে বেশ গুরুত্ব দিয়ে কথা বললেন। বিশেষ করে তামিমকে নিয়েই তার ভয়, ‘দুরন্ত রাজশাহী বেশ ভালো দল। বিশেষ করে ওদের দলে একজন তামিম ইকবাল আছে, যে একাই যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারে।’
তামিমকে নিয়ে যেমন ভয় চট্টগ্রামের; তেমনই আজ রংপুরের ভয়ের কারণ হতে পারেন গতকালই দুরন্ত এক ইনিংস খেলা ওয়াইজ শাহ। এমনিতেই মাশরাফি, সাকিব, আশরাফুলে সাজানো ঢাকার সামনে রংপুর রাইডার্সকে দৃশ্যত অসহায়ই মনে হওয়ার কথা। সেই সঙ্গে দলটি আবার পাকিস্তানি খেলোয়াড়দের না পেয়ে আছে সংকটে।