ভোমরা বন্দর দিয়ে আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ

নির্ধারিত সময়ের মধ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন সীমান্তের জিরো লাইনের কাছে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশন ও সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় প্রবেশ মুখের পাকা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেটি দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়। সে দেশের প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ জারির পর বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০ চাকার ট্রাক ঘোজাডাঙ্গা পাকা সেতুর কাছে পৌঁছলে পুনরায় গাড়ি পরিবর্তন করতে হতো। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তেমনি সময়ও লাগছিল অনেক বেশি। সম্প্রতি ঐ সেতুটি মেরামত হওয়ার পর তা আবারও ১০ চাকার ট্রাক চলাচলের উপযোগী হয়ে উঠে। বেশ কিছুদিন আগে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের পক্ষ থেকে সে দেশের প্রশাসনের কাছে সেতুটি ব্যবহারের জন্য আবেদন জানানো হয়। নানা দেনদরবার করার পরও প্রশাসন তাদের কথায় কোন কর্ণপাত করছে না। ফলে ১০ চাকার ট্রাক চলাচলের জন্য সেতুটি খুলে দিতে তারা ১৭ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সময় বেধে দিয়ে ভারতীয় প্রশাসনকে একটি আলটিমেটাম দেয়। সে অনুযায়ী দাবি পূরণ না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ভোমরা বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণাও দেয়া হয়। ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক পত্রের মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন নেতৃবৃন্দকে জানিয়ে দেয়। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অহিদ যৌথ সভার কথা স্বীকার করে বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের দাবি খুবই যৌক্তিক। ভারতীয় প্রশাসনের খামখেয়ালীপনার কারণে দু’দেশের ব্যবসায়ীরা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য ভারতীয় প্রশাসনের কাছে দাবি জানান। সভা শেষে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের দাবির সাথে একমত পোষণ করে আজ শনিবার থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।