কাল কক্সবাজার জেলায় হরতাল
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:০০
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শাহ জালাল চৌধুরীকে গত বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার আযাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনায় ফেটে পড়ে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ স্থানীয় লোকজন। এসময় কোট বাজার স্টেশনে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকে। পরে র্যাব, পুলিশ, বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার শহরে তাত্ক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ থেকে আগামী রবিবার জেলা ব্যাপী হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জি.এম রহিম উল্লাহ। এ কর্মসূচির সাথে বিএনপিসহ ১৮ দলীয় জোট একাত্মতা ঘোষণা করে উক্ত কর্মসূচি সফল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাংবাদিকদের জানান।
গত ৩০ সেপ্টেম্বর উখিয়ার মরিচ্যা দিপাংকুর বৌদ্ধ বিহারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় উখিয়া থানার এসআই ওমর ফারুক বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরীসহ ২৬ জনকে এজাহার নামীয় ও আরো অজ্ঞাত প্রায় দেড় হাজার লোককে আসামি করে একটি মামলা দায়ের করেন। এডভোকেট শাহ জালাল চৌধুরী প্রায় সাড়ে তিন মাস আইনী লড়াইয়ের পর অবশেষে তিন দিন আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসেন।