জুমার নামাজে লাখো মুসল্লি
মুন্না রায়হান, মুজিবুর রহমান ও কাজী রফিক, টঙ্গী থেকে
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১১
বিশ্ব ইজতেমার প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও ধর্মপ্রাণ লাখো মুসল্লির ঢল নেমেছে। তাদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর এখন টঙ্গীর তুরাগ তীর। পবিত্র হজ্বের পর মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে কয়েকদিনের ব্যবধানে শীতের প্রকোপ কিছুটা কমায় অনেকটা স্বস্তিতে রয়েছেন মুসল্লিরা।
গতকাল ইজতেমার প্রথম দিনে জুমার নামাজকে ঘিরে সকাল থেকে তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। নামাজ শুরুর আগেই সমগ্র ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তাঘাট পূর্ণ হয়ে যায়। জুমার নামাজ আদায় করার জন্য রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তিল ধারণের ঠাঁই ছিল না প্রায় ১৬০ একর জমিতে তৈরি করা বিশাল ছাউনির নিচে। বহু মুসল্লিকে স্থানাভাবে রাস্তায় খবরের কাগজ, হুগলা ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।
গাজীপুরের জেলা প্রশাসক জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা, চিকিত্সাসহ যে কোন প্রকার সমস্যা সমাধানে জেলা প্রশাসনসহ সকল প্রকার সেবাদানকারী প্রতিষ্ঠান সার্বক্ষণিক তত্পর রয়েছে।
গতকাল ফজরের নামাজের পর বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের কার্যক্রম শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। উর্দু ও আরবিতে পরিবেশিত এ বয়ান সঙ্গে সঙ্গে বাংলায় তরজমা করা হয়। তিনি তাবলিগের উসুল এবং ইসলামে তাবলিগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। গতকাল বাদ জুমা থেকে বাদ মাগরিব পর্যন্ত বিভিন্ন সময় বয়ান করেন পর্যায়ক্রমে পাকিস্তানের হযরত মাওলানা মোহাম্মদ হুসেইন, দিল্লির হযরত মাওলানা জোবায়েরুল হাসান ও হযরত মাওলানা মোহাম্মদ শা’দ।
ইজতেমায় ৪ মুসল্লির ইন্তেকাল:ইজতেমা ময়দানে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত দুইদিনে বিভিন্ন সময় ৪ মুসল্লি ইন্তেকাল করেছেন। এরা হচ্ছেন কুমিল্লা জেলার সাতবাড়ি এলাকার নজির আহম্মেদ (৫৫), গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এলাকার বাদল ফকির (৭০), বগুড়ার ধনুট থানা এলাকার আফজাল হোসেন (৬০) ও খুলনার সোনাডাঙ্গা থানার সামসুল হক (৭০)।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা:গতকাল ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় খাবার মান নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নোংরা ও পচাবাসি খাবার পরিবেশন ও বিক্রি করায় বিশুদ্ধ খাদ্য আইনে এবং হোটেল- রেস্তোরাঁ আইনে ৬টি মামলা দায়ের করে মালিকদের কাছ থেকে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পকেটমার আটক ১১ জন:ইজতেমায় আগত মুসল্লিদের পকেট কাটা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে আইন- শৃংখলা বাহিনীর সদস্যরা ১১ জনকে গ্রেফতার করেছে।
টঙ্গী হাসপাতালে চিকিত্সা:গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ হাবিবুল্লাহ জানান, গত ১১ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত টঙ্গী হাসপাতাল ও তাদের ৪টি ক্যাম্পে প্রায় ১৬ হাজার ১১২ জন রোগী চিকিত্সা নিয়েছেন। এদের মধ্যে ৮০ জন টঙ্গী হাসপাতালে ভর্তি এবং ৫৩ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে:আজ শনিবার বাদ আছর ইজতেমা মাঠের বয়ান মঞ্চে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। এতে শতাধিক বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে। হযরত ফাতেমা (রা:) ও হযরত আলী (রা:)- এর বিয়ের দেনমোহর অনুযায়ী এই বিয়ে পড়াবেন দিল্লির হযরত মাওলানা মোহাম্মদ জোবায়েরুল হাসান।
যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ:ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাঁচপুর/যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করবে।
জেপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা
বিশ্ব ইজতেমার ২য় পর্বে আগত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় ইজতেমায় অবস্থানকারী সকল মুসলমানদের সুস্বাস্থ্য কামনা করে বলেন, এ ইজতেমার ফলে বিশ্বের মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এ ইজতেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।