জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১২
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩৬ সালের এইদিনে বগুড়া জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর তথাকথিত সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ বিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ
শনিবার সকাল ৬টায় বিএনপির কেন্দ ীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবে। ওলামা দলের উদ্যোগে জিয়ার মাজার প্রাঙ্গণে সকাল থেকে কোরআনখানি ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন জেলা-উপজেলায় শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে গৃহীত দুইদিনের কর্মসূচি অনুযায়ী আগামীকাল রবিবার বিএনপি ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভার আয়োজন করবে।
এদিকে, গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, এই মহান রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকীতে স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীসহ সকলের প্রতি আহ্বান জানাই ।