সুপ্রিম কোর্ট আমাদের তদন্ত পর্যবেক্ষণ করতে পারে না

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র মামলার তদন্তকারী সংস্থা জাতীয় জবাবদিহি দফতর (এনএবি) সুপ্রিম কোর্টে বলেছেন, তাদের তদন্ত সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করতে পারে না। তবে সুপ্রিম কোর্ট বলেছে, তারা পর্যবেক্ষণের ক্ষমতা রাখেন। এ নিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক বাকযুদ্ধ হয়। খবর ডন-এর। এনএবির অতিরিক্ত প্রসিকিউটর জেনারেল রানা জাহিদ মেহমুদ প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীকে উদ্দেশ করে বলেন, আপনি বলছেন আমাকে সরে যাওয়া উচিত, কিন্তু আমি বলছি আপনাকে সরে দাঁড়ানো উচিত। প্রধান বিচারপতি ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের বাস্তবায়ন সম্পর্কে জানতে চান। এরপর আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করা হয়। প্রধান বিচারপতি এনএবির চেয়ারম্যান ফসিহ বোখারিকে বিদ্যুত্ কেন্দ্র মামলার তদন্তের একটি সমন্বিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। গত বছরের ৩০ মার্চ প্রধান বিচারপতি এনএবির চেয়ারম্যানকে রানা জাহিদকে মামলার কার্যক্রম থেকে বাদ দেয়ার কথা বলেছিলেন। বৃহস্পতিবার রানা জাহিদ সেই প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতিকে উদ্দেশ করে এসব কথা বলেন। পরে প্রধান বিচারপতি তাকে বলেন, আদালতের বিষয়টিকে আপনি ব্যক্তিগত পর্যায়ে নেবেন না। ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ ১৬ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। পরে এনএবি আদালতকে জানায়, প্রধানমন্ত্রীকে গ্রেফতারের মত পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই।