পাকিস্তানে প্রধানমন্ত্রীর
মামলার তদন্তকারী
কর্মকর্তা নিহত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৮
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র মামলার তদন্তকারী এক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসলামাবাদের সরকারি কোয়ার্টারে তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। খবর ডন-এর।
কামরান ফাইসাল নামের এ কর্মকর্তা জাতীয় জবাবদিহি দফতরের (এনএবি) সহকারী পরিচালক ছিলেন। পুলিশ জানিয়েছে, তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে মৃতদেহ ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তিনি প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রের মামলার একজন তদন্তকারী কর্মকর্তা। একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এ মামলার তদন্ত করতে গিয়ে চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন তিনি। পুলিশ জানায়, মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত হবে। ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, কামরান আত্মহত্যা করে থাকতে পারেন।
গত সপ্তাহে এনএবির একজন কর্মকর্তা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, কামরান এনএবির ডিরেক্টর জেনারেল (রাওয়ালপিন্ডি) কর্নেল (অব.) সুবেহ সাদিকের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে, তার উচিত দুটি বিদুত্ কেন্দ্রের মামলায় অভিযুক্তদের সম্পর্কে অনুসন্ধানে পাওয়া তথ্য প্রধান কার্যালয়ে পেশ করা। এরপর তাকে বহিষ্কার করা হয়। পরে এ তথ্য গোপন করার জন্য সাদিককেও বহিষ্কার করা হয়। গত সপ্তাহে বিদ্যুত্ কেন্দ্র মামলায় রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।