বাহরাইনে অগ্নিকাণ্ডে
নিহতদের লাশ আসছে
২২ জানুয়ারি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:২০
বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন বাংলাদেশির লাশ আগামী ২২ জানুয়ারি দেশে আনা হচ্ছে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মরদেহগুলো ঢাকায় আনার পর তা স্বজনদের বুঝিয়ে দেয়া হবে বলে গতকাল শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান ইত্তেফাককে জানান। লাশগুলো বর্তমানে বাদশা হামাদ বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।
জাফর আহমেদ খান বলেন, মরদেহগুলো বিমানবন্দর থেকে নেয়া ও দাফনের জন্য স্বজনদের ৩৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে। বৈধভাবে এসব শ্রমিক বাহরাইনে গিয়ে থাকলে সেদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা চালাবে সরকার। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে ১৩ জন বাংলাদেশি মারা যান। এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ জন বাংলাদেশি মারা যান।