সময়ের মূল্য ও নিয়মানুবর্তিতা সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৪৯
এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। ছাত্রজীবনে পরীক্ষা একটি স্বাভাবিক প্রক্রিয়া। বছর ঘুরে সবার জীবনে পরীক্ষা আসে। এই প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে বছর শেষে সবাইকে পরীক্ষা দিতে হয়। আমাদের দেশে প্রাক প্রাথমিক পর্যায় থেকেই পরীক্ষা শুরু হয়ে যায়। তাই তোমরা ছোটবেলা থেকেই পরীক্ষায় অভ্যস্ত হয়ে গেছ। আর এখনতো প্রাথমিক পর্যায়েই ছোট ছোট বন্ধুরা বোর্ড নিয়ন্ত্রিত পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের তুলনায় তোমরাতো অনেক বেশি বোধসম্পন্ন। সৃজনশীল পদ্ধতির মূল কথা পড়া আর পড়া । এতদিনে পাঠ্যবইটার আগাগোড়া তোমাদের পড়া হয়ে গেছে নিশ্চয়ই। সামনের দিনগুলোতে প্রতিটি অধ্যায় ভালোভাবে পাঠ করে যাও। পড়ার সময় অধ্যায়ের তথ্য,তত্ত্ব ও মর্ম অনুধাবন করে স্মৃতিতে ধরে রাখো। পরীক্ষা কক্ষে দেখবে সবকিছু তোমার মুঠোয়।
সময়ের মূল্যও নিয়মানুবর্তিতা জীবনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান আর ছাত্রজীবনেতো কথাই নেই। প্রতিটি মুহূর্ত পরিকল্পনামাফিক ব্যবহার নিশ্চিত করতে হয়। তাই আমরা এ বিশেষ সংখ্যায় পরীক্ষা চলাকালীন তোমাদের করণীয় বিষয় নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি। শিক্ষা ও মনুষ্যত্ব সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। ভালো থেকো সকলে।