অধ্যক্ষের পরামর্শ

শেষ মুহূর্তে রিভিশনওয়ার্ক সুষ্ঠু ও পরিকল্পিত হওয়া প্রয়োজন

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, শেষ মুহূর্তে রিভিশন ওয়ার্ক সুষ্ঠু ও পরিকল্পিত হওয়া প্রয়োজন। নিজের দুর্বলতা চিহ্নিত করে গণিত ,পদার্থ, রসায়ন,হিসাববিজ্ঞান বিষয়ে অতিরিক্ত যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের জন্য টেস্ট পেপারের প্রশ্নোত্তর সমাধানের মাধ্যমে অনুশীলন ফলপ্রসূ হবে। প্রয়োজনে নতুন প্রশ্নোত্তর পড়তে হবে এবং সেই সঙ্গে প্রশ্নের আঙ্গিক অনুসরণে এবং উত্তর উপস্থাপনে জ্ঞান রাখতে হবে। সিলেবাসের প্রতি মনোযোগী হও। কারণ এর বাইরে কোনো তথ্য আসে না, যা তোমাদের সিলেবাসে নেই কিংবা ক্লাসে পড়ানো হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা। তাই আমরা অনেকেই মনে করে থাকি, একটু দেখে গেলেই বাংলায় সব প্রশ্নের উত্তর লেখা যাবে; কিন্তু আমাদের এ ধারণা একেবারে ভুল। প্রশ্নের উত্তর যেনতেনভাবে লেখা আর মানসম্মতভাবে লেখা এক কথা নয়। এগুলোর মধ্যে রয়েছে একটি সুনির্দিষ্ট ব্যাকরণ, বানানরীতি, যা যথাযথভাবে না জানলে, না মানলে, কখনোই ভালো নম্বর পাওয়া যায় না। গদ্য, পদ্য, নাটক ও উপন্যাসের মূল বিষয় ছাড়াও কবি পরিচিতি, মূল বক্তব্য, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধু ও চলিত ভাষার মিশ্রণ একই প্রশ্নের উত্তরে যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। উদ্ধৃতি, উপমা, উদাহরণ ইত্যাদি যথাযথ নির্ভুল উত্তর প্রদান করতে হবে। ব্যাকরণে প্রতিটি বিষয়ের সংজ্ঞা, উদাহরণ, নিয়ম ও সূত্রসমূহ বিশুদ্ধরূপে জানা ও আয়ত্ত করা দরকার।