বাংলা দ্বিতীয়পত্র

বোর্ডের বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে আয়ত্ত করতে হবে

শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থীর মাঝে বাংলা দ্বিতীয়পত্র ভীতি লক্ষ্য করা যায় এবং যথাযথ চর্চা না করায় ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ে। সুতরাং বাংলা দ্বিতীয়পত্রে ভালো করার জন্য এখনই শেষ মুহূর্তের প্রস্তুতির উপযুক্ত সময়। রচনামূলক ৫০ নম্বর এবং নৈর্ব্যক্তিক ৫০ নম্বর, মোট ১০০ নম্বরের জন্য উভয় অংশই গুরত্বপূর্ণ। রচনামূলক ৫০ নম্বরে গড় নম্বর পাওয়া গেলে এবং নৈর্ব্যক্তিক অংশে ভালো প্রস্তুতি না নিলে ভালো ফল করা সম্ভব হবে না। তাই ভালো ফল করতে হলে অধ্যায়ভিত্তিক মানবণ্টন জানা আবশ্যক। পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক অংশে ৫০ নম্বরের ভেতর ১০ নম্বর থাকে চিঠি-দরখাস্ত ও অনুবাদ থেকে। ব্যাকরণের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় ১০ থেকে ১২টি প্রশ্ন হয়ে থাকে। বিরচন অংশ ( বাগধারা, সমার্থক শব্দ, লিঙ্গান্তর, বিপরীত শব্দ, বাক্য সংকোচন) থেকে ৫/৬টি প্রশ্ন থেকে যায়। দ্বিরুক্তি, পদাশ্রিত নির্দেশক, সমাস, কারক, ধাতু, প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, শব্দ, বাক্য, বিরামচিহ্ন প্রভৃতি থেকে বাকি প্রশ্নগুলো হয়ে থাকে। সুতরাং যারা কেবল পাস করতে চাও তাদের জন্য চিঠি-দরখাস্থ, অনুবাদ ও প্রথম ২টি অধ্যায় ভালো করে পড়লেই চলে। কিন্তু যারা পূর্ণ নম্বর পেতে চাও তাদের অবশ্যই বোর্ড কর্তৃক প্রকাশিত বাংলা ব্যাকরণ বইটির প্রতিটি পৃষ্ঠা গুরুত্বসহকারে ভালোভাবে পড়তে হবে। শেষ মুহূর্তে ভালো প্রিপারেশনে টেস্ট পেপার অপরিহার্য। টেস্ট পেপার থেকে নামকরা কিছু প্রতিষ্ঠানের প্রশ্নপত্র সমাধান করে পড়লে ভালো ফল করা তুলনামূলক সহজতর হয়। প্রশ্নের ধারা ও ধারাবাহিকতা সম্পর্কে জানা যায় বলে প্রশ্নভীতি দূর হয়ে থাকে।