প্রধান শিক্ষকের পরামর্শ
ভালো রেজাল্টের জন্য শতভাগ প্রশ্নের উত্তর করতে হবে
ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ,সি.এস.সি. প্রধান শিক্ষক সেন্ট গ্রেগরীজ হাই স্কুুল, ঢাকা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৫৪
প্রিয় এস.এস.সি. পরীক্ষার্থীরা , কোন কারণে কোন পরীক্ষা যদি আশানুরূপ না হয় তবে মন খারাপ করো না। তুমি তোমার প্রস্তুতি অনুসারে পরীক্ষা দিয়ে যাবে । চলে যাওয়া পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করো না; তোমার পরবর্তী পরীক্ষাগুলো ভালোমত দিতে চেষ্টা করো। সেজন্য সব পরীক্ষা শেষ হওয়ার আগে কোন্ কোন্ উত্তর ভুল হলো কোন্ কোন্ উত্তর ঠিক হলো সে’বিষয়ে চিন্তা করো না। সব পরীক্ষা শেষ হওয়ার পর তুমি উত্তর মিলিয়ে দেখতে পার। যে স্কুলে তোমার পরীক্ষার সেন্টার পড়বে, পরীক্ষা চলাকালীন সময়ে সেটাই হবে তোমার স্কুল। তুমি সেই স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের বাধ্য হয়ে সব কিছু করবে। কোন ক্রমেই সেই স্কুলের নিয়ম বহির্ভুত কোন আচরণ করবে না। ভালো না লাগলেও সেই স্কুলটিকেই পরীক্ষা চলাকালীন সময়ে আপন করে নিতে হবে। পরীক্ষার হলে যাওয়া এবং ফেরার পথে এমন কোন কিছু করবে না যা তোমার বা অন্যেও জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে ভালো ফলাফলের জন্য শুধু উত্তর লিখলেই চলবে না; তোমাকে আরো কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে:
(ক) তোমার হাতের লেখা সুন্দর হতে হবে
(খ) তোমার উত্তর পত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে (গ) প্রতিটি উত্তরের জন্য বানান শুদ্ধ হতে হবে
(ঘ) শুদ্ধভাষা রীতি শুদ্ধ হতে হবে
(ঙ) প্রতিটি প্রশ্রের ক্রমিক নম্বর ঠিকমত শুদ্ধ করে লিখতে হবে (চ) যে সকল উত্তরের জন্য চিত্র প্রয়োজন সেইগুলোতে অবশ্যই চিত্র দিতে হবে (ছ) প্রতিটি উত্তর প্রাসঙ্গিক হতে হবে এবং (জ) উত্তরপত্রে পরিমিত মার্জিন রাখতে হবে।