সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলন

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য রসায়নবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ অনামিকার চোখে সমস্যা থাকায় সে অবতল লেন্সের একটি চশমা ব্যবহার করে যার ফোকাস দূরত্ব 25 cm। অন্যদিকে তার বান্ধবী স্নেহার গত কয়েক মাস আগেও বই পড়তে কোনোরকম সমস্যা হতোনা। কিন্তু গত কিছুদিন ধরে সে কোনো বইয়ের লেখা 50 cm এর কম দূরত্বে রেখে স্পষ্ট দেখতে পায় না। এইক্ষেত্রে ডাক্তার তাকে একটি চশমা ব্যবহার করার পরামর্শ দেন। চশমাটি ব্যবহার করার পর থেকে সে আগের মত 25 cm দূরত্বে রেখে যেকোনো লেখা ভালভাবে পড়তে পারে। ক. স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত? খ. দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলতে কী বুঝ? গ. অনামিকার ব্যবহূত চশমার লেন্সের ক্ষমতা নির্ণয় করো। ঘ. স্নেহার সমস্যাটি কিভাবে সংশোধিত হলো তা আলোক রশ্মির ক্রিয়া রেখা অংকন করে ব্যাখ্যা করো। নমুনা উত্তর ক. স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব অসীম পর্যন্ত। খ. চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার বিম্ব গঠিত হয় এবং ঐ বস্তু সম্বন্ধে মস্তিষ্কে দর্শনানুভূতি জাগে। চোখের সামনে থেকে সরিয়ে নেয়ার পরও 0.1 সেকেন্ড পর্যন্ত বস্তুটির অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কালকে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে। এই সময়ের মধ্যে বস্তুটিকে আবারও চোখের সামনে আনা হলে বস্তুটির মাঝখানের সাময়িক অনুপস্থিতি টের পাওয়া যায় না। দর্শনানুভূতির এই স্থায়িত্বকালের জন্যে একটি ঘুরন্ত ফ্যানের দিকে তাকালে আমরা ফ্যানের পাখাগুলো নির্দিষ্টভাবে দেখতে পায়না, এর বদলে একটি চাকতির মত অংশ দেখতে পায় যদিও বিভিন্ন সময়ে পাখাগুলো বিভিন্ন স্থানে থাকে। গ. অনামিকার ব্যবহূত চশমার লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব হল 25 cm। যেহেতু অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, তাই অনামিকার চশমার লেন্সটির ক্ষেত্রে, f = - 25 cm = - 0.25 m আমরা জানি, লেন্সের ক্ষমতা, p = 1/f সুতরাং অনামিকার চশমার লেন্সটির ক্ষমতা, p = 1/(- 0.25 m) = - 4 d ঘ. গত কয়েক মাস আগেও স্নেহার বই পড়তে কোনোরকম সমস্যা হয়নি। কিন্তু গত কিছুদিন ধরে সে কোনো বইয়ের লেখা 50 cm এর কম দূরত্বে রেখে স্পষ্ট দেখতে পায় না। অর্থাত্ তার চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দুটি দূরে সরে গিয়ে 50 cm দূরত্বে N বিন্দুতে অবস্থান করছে (চিত্র ক এর মত) । এই দূরত্বে কোনো বই রাখলে সেখান থেকে আগত রশ্মি স্নেহার চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার I বিন্দুতে মিলিত হয় এবং এভাবে স্নেহা বইয়ের লেখা ঠিকমত দেখতে পায়। কিন্তু সে যখন বইটি 50 cm এর কম দূরত্বে যেকোনো বিন্দুতে রাখে, তখন এর থেকে আগত রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনাতে মিলিত না হয়ে রেটিনার পেছনে I বিন্দুতে মিলিত হয় (চিত্র খ এর মত) । ফলে এক্ষেত্রে সে বইয়ের লেখা স্পষ্ট দেখতে পায় না। স্নেহার চোখের এই সমস্যাটির নাম হলো দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়ার দরুন এ ত্রুটির উদ্ভব হয়। তাই এ ত্রুটি দূর করতে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বাড়াতে হয় যা সহায়ক লেন্স হিসেবে উত্তল লেন্স ব্যবহার করে করা সম্ভব। তাই এইক্ষেত্রে ডাক্তার সাহেব স্নেহাকে যে চশমাটি ব্যবহার করতে বলেছিল তার লেন্সটি অবশ্যই উত্তল লেন্স ছিল এবং ‘গ’ চিত্রটির মত স্নেহার চোখের সমস্যা দূর হয়েছিল। এইক্ষেত্রে স্নেহা যদি তার চোখ থেকে 25 cm দূরে O বিন্দুতে বইটি রাখে তবে বই থেকে আগত আলোক রশ্মি প্রথমে তার চশমার লেন্স L অতিক্রম করার সময় কিছুটা অভিসারী হয়ে চোখের লেন্সে আপতিত হয় যা পরে চোখের লেন্স দ্বারা আরও অভিসারী হয়ে রেটিনার I বিন্দুতে মিলিত হয়। এবং এভাবে স্নেহার চশমাটি 25 cm দূরে রাখা বইয়ের লেখা পড়তে স্নেহাকে সাহায্য করে যদিও স্নেহা লেখাগুলো 50 cm দূরের O বিন্দুতে দেখতে পাবে। আজকের সৃজনশীল প্রশ্ন (রসায়নবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত একটি জৈব যৌগের বাষ্প ঘনত্ব 23। এতে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে 13.04% ও 34.78%। ক. সালফারের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? খ. N2 ও 2N এর মধ্যে পার্থক্য কী? গ. হাইড্রোকার্বনটির স্থূল সংকেত নির্ণয় কর। ঘ. “অজানা যৌগটি সুনিশ্চিতভাবে নির্ণয় করার প্রয়োজনীয় সকল তথ্য উদ্দীপকে আছে” - উক্তিটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:support@Srijonshil.com মোবাইল :01681035797