রায়পুরে যুবদল-পুলিশ সংঘর্ষ
এসআইসহ দু’জন আহত
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫২
গতকাল শনিবার সকালে রায়পুর পৌর শহরে যুবদল নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রায়পুর-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যুবদল কর্মীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও কনস্টেবল দেলোয়ার হোসেন আহত হন। পরে লক্ষ্মীপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রকাশ, যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটওয়ারী হত্যা মামলার আসামি উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ ২০ দলীয় নেতাকর্মীর মুক্তির দাবিতে যুবদল বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী বলেন, যুবদলের মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা দেয়। এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মিথ্যা মামলায় কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।