নতুন অ্যালবাম নিয়ে প্রস্তুত হাসান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:০০
বেশ ক’বছর ধরেই বাজারে নেই এক সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের নতুন কোনো অ্যালবাম। তবে এবার হাসান তার নতুন অ্যালবাম নিয়ে প্রায় পুরোপুরি প্রস্তুত। দীর্ঘসময় ধরে অনেক এক্সপেরিমেন্ট করে তৈরি করলেন নিজের নতুন অ্যালবাম। এখন এই অ্যালবামের সবক’টি গানই প্রায় রেডি। তারপরও কিছু গান নিয়ে ভাবছেন তিনি, কীভাবে এই গানগুলোকে আরও বেশি ভালো করা যায়, হাসান বলেন, ‘আমার নতুন অ্যালবাম পুরোপুরি রেডিই বলা চলে। তারপরও গানগুলোর পেছনে একটু সময় দিচ্ছি। কোনো প্রকার খুঁত রাখতে চাচ্ছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও কথা শেষ। এখন বাকি কাজগুলো গোছাচ্ছি। আশা করি খুব শীঘ্রই আমার শ্রোতাদের জন্য অ্যালবামটি বাজারে ছাড়তে পারব। সর্বশেষ থার্টি ফার্স্ট ইভেন্টে এই গানগুলো আমি প্রথম গাইলাম।’