বাংলাদেশ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ডের ঘোষণা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৩
‘বাংলাদেশ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’-এর আসর আগামী ১৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এই অ্যাওয়ার্ড এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সব গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রোগ্রাম সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির উর্ধ্বতন সহসভাপতি খোরশেদ আলম খসরু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্র নায়ক শাকিব খান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মিশা সওদাগর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাবান মাহমুদ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট রাউন্ড দ্য ক্লক-এর সিইও সালমান মাহমুদ।
২০১২-এ জুরি বোর্ডের তালিকায়, চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, সদস্য হিসেবে থাকচ্ছেন—মাহফুজুর রহমান, আলাউদ্দিন আলী, আজিজুর রহমান, নাসির উদ্দিন দিলু, আকন্দ সানোয়ার মুরশিদ, কে এম আর মন্জুর, ইলিয়াস কাঞ্চন, মুজিবুর রহমান দুলু, সহিদুল ইসলাম খোকন, অ্যান্ড্রু কিশোর, নুতন, রোজিনা, আবদুর রহমান এবং শাবান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বিশ্বাস।