হাওরাঞ্চল রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন

হাওরাঞ্চলের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় হাওর মন্ত্রণালয় গঠনের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। এ সময় বলা হয়, ‘বর্ষায় নাও, শুকনায় পাও’- যোগাযোগের ক্ষেত্রে এটিই হল হাওরাঞ্চলের বাস্তবতা। অশিক্ষা আর কুসংস্কার হাওরবাসীদের মনে ভর করে আছে। এরকম পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে ্সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিতে কিছু বিশেষ ব্যবস্থা নেয়া দরকার। পরিবেশ রক্ষা সোসাইটি আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ড. নিয়াজ পাশা, আব্দুল মোনায়েম নেহেরু, ওয়ারেসুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সুজা আল ফারুক, বোরহান উদ্দিন আহমেদ, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন। সভায় আরও বলা হয়, ভাটি অঞ্চলের মানুষের ফসল একটিই, বোরো ধান। কিন্তু অকাল বন্যায় প্রায় বছরই এই ধান মার খায়। সঠিক সময়ে বাঁধ মেরামত করা হয় না। বাঁধে যে কাজ হয় তাও নিম্নমানের। এসব সমস্যা থেকে হাওরাঞ্চলকে বের করে নিয়ে আসতেই আমরা একটি পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছি।