‘পাকিস্তানিদের অভাব অনুভূত হবে না’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচটি দাপটের সাথে জয় পেয়েছে সিলেট রয়েলস। আজ রবিবার তাদের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট দুরন্ত রাজশাহী। সিলেট গেলবারের বিপিএল শুরু করেছিল হার দিয়ে। এবার তাদের শুরুটা হয়েছে ব্যতিক্রম। গতবারের রানার্সআপকে হারিয়েছে তারা। তিন পাকিস্তানি না থাকলেও প্রথম ম্যাচে এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। গতকাল শনিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ডার্ক ন্যানেস। তিনি যোগ দেয়ায় শক্তি বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে দলটি। অপরদিকে অজি খেলোয়াড়টি মনে করছেন, পাকিস্তানি খেলোয়াড়দের না থাকাটা অনুভূত হবে না। আজ সন্ধ্যা ছয়টায় দুরন্ত রাজশাহীর সাথে খেলবে সিলেট। এর আগে দুপুরে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ বরিশাল বার্নার্স ও সেমিফাইনালিস্ট খুলনা রয়েল বেঙ্গলস। উভয় দলই প্রথম ম্যাচে ছিল জয়হীন। অস্ট্রেলিয়ান ন্যানেস কাল সিলেট দলের সাথে অনুশীলন শেষে আজকের খেলা নিয়ে কথা বলেন। প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ও এদেশে প্রথম খেলতে যাচ্ছেন। আপনি কি এজন্য শিহরিত। ন্যানেস: এই টুর্নামেন্টটিতে সবসময় উত্তেজনা ছড়িয়ে থাকে। এবারের আসরেও এর কোন ভিন্নতা নেই। তবে আমার জন্য প্রথম বিপিএল, স্বাভাবিকভাবে আমি একটু বেশি শিহরিত। প্রশ্ন: ড্রেসিংরুমে বসে বিপিএলে আপনার দলের প্রথম জয় দেখেছেন। প্রথম জয়ের পর বিপিএলে সিলেট রয়েলসকে কিভাবে দেখছেন? ন্যানেস: আপনি দেখে থাকবেন পাকিস্তানি খেলোয়াড় না থাকার পরও দলে এর কোন প্রভাব পড়েনি। আশা করছি, আমরা পারফর্ম করতে পারলে এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারবো। প্রশ্ন: গত বিপিএলের সেমিফাইনাল খেলা দুরন্ত রাজশাহীর সাথে আপনাদের কাল (আজ) প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সম্বন্ধে অবগত আপনি? কি আশা করছেন ম্যাচ থেকে? ন্যানেস: প্রতিপক্ষের সম্বন্ধে খুব বেশি জানি না। তবে বিপিএলে যারা খেলছে তারা প্রত্যেকে যোগ্য দল হিসেবে খেলছে। ভালো একটি ম্যাচ হবে আশা করছি, লড়াইও হতে পারে। প্রশ্ন: সিডনি থান্ডারের হয়ে এবারের বিগ ব্যাশে মাতিয়ে এলেন। বিপিএলে সিলেট রয়েলসের হয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? ন্যানেস: এই মুহূর্তে আমি ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিগ ব্যাশের পর কয়েক সপ্তাহ বিশ্রামে ছিলাম। তবে এখন আমি এখানে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। প্রশ্ন: দর্শকদের উদ্দেশে কিছু বলুন। ন্যানেস: আমি আশা করছি, কালকের (আজ) ম্যাচে প্রচুর দর্শক হবে। আমরা তাদেরকে ভালো কিছু দেখাতে পারবো বলেও আশা করছি। কাল সবার সাথে মাঠে দেখা হবে।