নিভৃত পল্লীতে গার্মেন্টস

ডা. শফিকুর রহমান ভুঁইয়া গার্মেন্টস শিল্পকে নিয়ে গেছেন গ্রাম পর্যায়ে। নাঙ্গলকোটের মৌকরা ইউপির নিভৃত পল্লী আলিয়ারা গ্রামে ডা. শফিকুর সম্প্রতি গড়ে তুলেছেন তার আল ওবায়েদ গার্মেন্টস ফ্যাক্টরি। শুধু গার্মেন্টসই নয়, নিজ গ্রামে ডা. শফিক প্রতিষ্ঠা করেছেন আল ওবায়েদ মেডিক্যাল সেন্টার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বীকৃত আল ওবায়েদ ডায়াবেটিক সেন্টার, পল্লী লেয়ার ফার্ম ও বায়োগ্যাস প্লান্ট। গার্মেন্টস কারখানা স্থাপন করে একদিকে তিনি গ্রামের অর্থনীতির চাকাকে সচল রাখার ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, অন্যদিকে তার স্থাপিত মেডিক্যাল সেন্টারে গ্রামবাসী স্বল্প খরচে চিকিত্সা নিতেও পারছেন। প্রথমে তিনি ২০টি সেলাই মেশিন নিয়ে তার গার্মেন্টসের কার্যক্রম শুরু করেন। বর্তমানে মেশিনের সংখ্যাসহ উত্পাদনও দিন দিন বাড়ছে। গ্রামে ঘন ঘন লোডশেডিং-এর পরিপ্রেক্ষিতে ডা. শফিক তার গার্মেন্টস কারখানার উত্পাদন অব্যাহত রাখার লক্ষ্যে স্থাপন করেছেন বায়োগ্যাস প্লান্ট। ঐ প্লান্টে পল্লী লেয়ার ফার্মের মুরগির বিষ্টা থেকে উত্পাদিত হবে বায়োগ্যাস, যা দিয়ে ১০ কিলোওয়াট ইলেকট্রিক জেনারেটর চালু করা হবে। ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি গ্রামে গার্মেন্টস কারখানা স্থাপন করেছেন।