ফতুল্লায় ফেনসিডিল আটককালে ডিবি’র দু’জনকে প্রহার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যান থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের সময় গাড়িতে থাকা লোকজন ডিবির একজন সোর্স ও কনস্টেবলকে পিটিয়ে আহত করেছে। তাদের শহরের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আটককৃতদের ছাড়াতে থানায় এক তদবিরকারী এলেও তাকেও গ্রেফতার করা হয়। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফেন্সিডিল আটকের এ ঘটনা ঘটে।
ডিবির এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম পুলিশ সুপার কার্যালয়ের সামনে অভিযান চালায়। তখন সেখানে তার ভর্তি পিকআপ ভ্যান থেকে বস্তাবন্দি বিপুল পরিমাণ ফেন্সিডিল আনলোড করা হচ্ছিল। এ সময় ডিবির সোর্স জাকির ও কনস্টেবল রহিম ঘটনাস্থলে গেলে তাদের মারধর করে গাড়ির লোকজন। পরে ডিবি পুলিশ সেখানে উপস্থিত হয়ে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও গাড়ি থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গাড়ি থেকে চালক রমজান, মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান, আরিফ হোসেন ও সুমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে আনা হলে সেখানে এসে মাহাবুবুর রহমান ওরফে মোল্লা মামুন তদবির করতে আসলে তাকেও গ্রেফতার করা হয়।