বিআইডব্লিউটিএ দুর্নীতির বিরুদ্ধে ৮
সংগঠনের ১০ দফা কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৪
সরকার-প্রতিশ্রুত নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের স্বার্থে বিআইডব্লিউটিএর অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পরিবেশ ও নাগরিক অধিকার সংরক্ষণ বিষয়ক আটটি সংগঠন ১০টি কর্মসূচি ঘোষণা করেছে। সংস্থাটির কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসমূহ তদন্তের জন্য অবিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।
বিআইডব্লিউটিএর অনিয়ম-দুর্নীতি নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এসব অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের জন্য এর আগে সরকারের প্রতি দাবি জানানো হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে নৌ মন্ত্রণালয় তথা সরকার নিরব রয়েছে।
অনুমোদনহীন প্রতিষ্ঠান বরিশালের ডিইপিটিসিতে প্রিন্সিপাল নিয়োগ ও ওই প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৫৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ধামাচাপা দিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা বিভিন্ন সংগঠনকে দিয়ে ‘প্রতিবাদ বিজ্ঞপ্তি’ এবং সংস্থার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে বিজ্ঞাপন প্রকাশ করে সরকারি কোষাগারের লাখ লাখ টাকা অপচয় করে চলেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রীয় সেবা-সংস্থার অসেবামূলক কর্মকাণ্ডে সরকার নিশ্চুপ থাকায় আট সংগঠন যৌথভাবে আইনি লড়াইয়ের পাশাপাশি সামাজিক আন্দোলন চালিয়ে যাবে। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। কর্মসূচিগুলো হচ্ছে, বিআইডব্লিউটিএর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান, দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, নৌমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, মানববন্ধন, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি পেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ, জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি পেশ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন।
সাংবাদিক সম্মেলনে অংশ নেয়, নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটি, সিটিজেনস রাইট্স মুভমেন্ট (সিআরএম), গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি), মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড), ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি), পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ, নিরাপদ নৌপথ আন্দোলন এবং নদী রক্ষা শপথ (নরশ) ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ও জিসিবির সভাপতি নুরুর রহমান সেলিম, সিপিবির কেন্দ্রিয় নেতা ও পরিবেশকর্মী রুহিন হোসেন প্রিন্স, নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে প্রমুখ।