ফটিকছড়িতে সেপটিক
ট্যাংকের গ্যাসে দুইজনের মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৪
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলেই একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ এবং হাসপাতালসূত্রে জানা গেছে। এছাড়াও অপর তিন ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইন্দং ইউপির হাইদচকিয়া ছমদ বাড়ির জনৈক ফজল করিমের ঘরের সেপটিক ট্যাংকের সাথে লাগোয়া একটি স্টোর ট্যাংকে লাকড়ী রাখা হতো। গৃহকর্তা ফজল করিম (৪৫) লাকড়ী নিতে গতকাল স্টোর ট্যাংকে নামার পর আর না উঠলে তার ছোট ভাইয়ের বৌ বেনু আক্তার (৩২) তাকে তুলতে সেই ট্যাংকে নামেন। একপর্যায়ে তিনিও না উঠলে একে একে মো. হারুন (৩৫), খালেদা আক্তার (৩৫) ও শ্রমিক হাছান (২৫) ট্যাংকে নামেন। একপর্যায়ে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের সেখান থেকে উদ্ধার করলেও ততক্ষণে ট্যাংকে নামা প্রথম দুইজন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও পরবর্তী সময়ে ট্যাংকে নামা অপর তিনজনকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের তিনজনের অবস্থাই সংকটজনক বলে জানা গেছে।