এসিড নিক্ষেপকারীদের
ফাঁসি দিন :এরশাদ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৪
এসিড নিক্ষেপকারীদের ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, এসিড নিক্ষেপকারীদের ফাঁসি দিন, তাহলে এসিড নিক্ষেপ বন্ধ হয়ে যাবে। তার শাসনামলে এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তখন কয়েকজনের ফাঁসিও হয়, যার কারণে তার সরকারের সময় এসিড নিক্ষেপের ঘটনা ঘটেনি। কিন্তু এখন কঠোরভাবে সেই আইন প্রয়োগ না করায় এবং সর্বত্র দলীয়করণের কারণেই অহরহ নারীদের ওপর এসিড নিক্ষেপের ঘটনাসহ সামাজিক অপরাধ ঘটছে।
দুর্বৃত্তের এসিড হামলার শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ইডেন কলেজের ছাত্রী আঁখিকে গতকাল শনিবার দেখতে যান তিনি। তাকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এই দাবি তুলে ধরেন।
এরশাদ বলেন, মেয়েটির যা অবস্থা তা ভাষায় প্রকাশ করার মত নয়। মেয়েটি বাঁচবে কিনা তাও এখনো নিশ্চিত নয়। এসিড নিক্ষেপকারীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় বিস্ময় প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, অবিলম্বে এ অপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে।
পরে এরশাদ ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন টাঙ্গাইলে গণধর্ষণের শিকার সেই মেয়েটিকে দেখতে যান। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।