রাজধানীর মুগদা থেকে
যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৪
রাজধানীর উত্তর মুগদাপাড়া থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাওসার (২৫)। দুর্বৃত্তরা গত শুক্রবার উত্তর মুগদাপাড়ার এক বাড়ির সিঁড়ির উপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে পালিয়ে যায়।
মুগদা থানার এস আই গোলাম রশিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসার সিঁড়ি থেকে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জানা গেছে, নিহত কাওসারে বাবার নাম সুলতান হাওলাদার। বরিশালের সাহেবের হাট গ্রামে তার বাড়ি । বর্তমানে ১৩৫/১/৭ নম্বর উত্তর মুগদাপাড়ায় তারা বসবাস করতেন।