দুপচাঁচিয়ায় ‘গুম’ মাদ্রাসা
ছাত্রকে বিশ্ব ইজতেমা
থেকে উদ্ধার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৫
দুপচাঁচিয়া থেকে গত আগস্টে নিখোঁজ হওয়া মাদ্রাসা-ছাত্র আবু বক্কর ছিদ্দিক শিহাবকে (১৪) গাজীপুরের টঙ্গীস্থ বিশ্ব ইজতেমা থেকে গত শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। শিহাবের নিখোঁজের ঘটনায় তার মা গত ১ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানায় মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যের বিরুদ্ধে অপহরণ করে লাশ গুমের অভিযোগ এনে মামলা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, তালোড়ার গাড়িবেলঘরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শিহাব তালোড়া লুত্ফর রহমান কওমি মাদ্রাসায় হেফজ বিভাগে আবাসিক ছাত্র হিসাবে পড়াশুনা করত। গত বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে শিহাব মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিহাবের মা গত ১ সেপ্টেম্বর থানায় ছেলেকে অপহরণ করে গুম করার অভিযোগ এনে মামলা করেন। মামলায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোজাফ্ফর রহমান, অধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষক শফিকুল ইসলাম ও আবদুল লতিফকে আসামি করা হলে ওমর ফারুক ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পান। এদিকে, সম্প্র্রতি ওই মাদ্রাসার শিক্ষক আবদুল মতিন কয়েকজন ছাত্রকে নিয়ে গাজীপুরের টঙ্গীস্থ বিশ্ব ইজতেমায় যান। গত শুক্রবার বিকালে তারা সেখানে শিহাবকে দেখে ইজতেমার পুলিশকে জানালে তাকে আটক করা হয়। শিহাবকে টঙ্গী থানায় সোপর্দ করা হলে রাতেই শিহাবকে দুপচাঁচিয়া থানায় এনে গতকাল শনিবার আদালতে জবানবন্দির জন্য হাজির করা হয়।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোবারক আলী জানান, শিহাব নিখোঁজ হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন দিয়ে মায়ের সঙ্গে যোগাযোগ করত বলে সে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে। তার ব্যবহূত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।