ইবি ছাত্রলীগের কমিটি
বিলুপ্ত ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছে। গতকাল শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইবি কমিটি বিলুপ্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় কমিটি।
সূত্র মতে, ২০১০ সালের ১৯ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি ও শামসুজ্জামান তুহিনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার কমিটি ১ বছরের জন্য গঠন করা হয়। কিন্তু এ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন কমিটি আর গঠন করা হয়নি। ফলে এক দিকে মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং অন্যদিকে নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য শুরু থেকেই ক্যাম্পাসে বিভিন্ন মাধ্যমে সমালোচিত হয় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ। সর্বশেষ শিক্ষকদের উপর দু’দফায় হামলা করার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয় তারা। এদিকে বিভিন্ন অপকর্মের অভিযোগের মুখে মেয়াদ উত্তীর্ণ ইবি ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত করায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ জানান, কমিটির নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ কমিটিকে বিলুপ্ত করে দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহর মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।