আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার ২য় জয়
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৬
মোহাম্মদ আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাধারী ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতকাল শনিবার দলটি ৩৫ রানে হারায় বিপিএলে নবাগত রংপুর রাইডার্সকে।
এর আগে দিনের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চিটাগাং কিংসকে মাত্র ২ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয় গতবারের সেমিফাইনালিস্ট দুরন্ত রাজশাহী। প্রথমে ব্যাট করে রাজশাহী মাত্র ৯৯ রানে অলআউট হয়। জবাব দিতে গিয়ে ৯৭ রানেই গুটিয়ে যায় চিটাগাংয়ের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের ব্যাট জ্বলে উঠছিল না বহুদিন ধরে। এমনকি এবারের ফ্রাঞ্চাইজি জাতীয় লিগেও একটি সেঞ্চুরি পেয়েছিলেন কিন্তু পরের ম্যাচে আবার নিভে গেছেন তিনি। তাই বিপিএল দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ চলে এসেছে তার। কাল মিরপুর স্টেডিয়ামে পাঁচ হাজার দর্শক দেখেছে পুরানো আশরাফুলকে। লংঅন, কাভার ড্রাইভ, মিড অনের উপর দিয়ে বাউন্ডারি-ওভার বাউন্ডারিগুলো মেরেছেন, তা অতীত আশরাফুলকে মনে করিয়ে দিচ্ছিল। ৩০ বলে ফিফটির পর আব্দুর রাজ্জাকের বলে উইকেট ছেড়ে না খেললে হয়তো বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন। কিন্তু হল না, উইকেট কিপার ধীমান ঘোষ ষ্ট্যাম্পিং করেন তাকে। তবে আউট হওয়ার আগে ৪৭ বলে ৭৩ রান করেছেন। এই ঝকঝকা ইনিংসে ছিল তিনটি ওভার বাউন্ডারি ও আটটি বাউন্ডারি। আগের দিনের ঝড় তোলা ওয়াইজ শাহ ২২ বলে ২৮ এবং জোসুয়া কোবের ১৭ বলে ৩৪ রান করলে ঢাকা দ্বিতীয়বারের মত দুশ’ স্কোর ছাড়িয়ে যায়।
টি-টোয়েন্টি ম্যাচে দুশ’ স্কোর যে কোন প্রতিপক্ষের জন্য কঠিন, তবে কাল বিপিএলে প্রথমবারের মত খেলতে আসা রংপুর রাইডার্স লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিলেন। নাসির হোসেনের দুর্দান্ত ৮০ রান রংপুরকে কিছু সময়ের জন্য জয়ের স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু সাকিব আল হাসান তাকে ফিরিয়ে দেন। ৩৪ বলে ফিফটি করা নাসির পরের ৩০ রান করেছেন মাত্র ১৫ বলে। নাসিরের আউটের পরই রংপুরের পরাজয় নিশ্চিত হয়ে যায়। নাসির ছাড়াও নেইল ও ব্রেইন দ্বিতীয় সর্বোচ্চ করেছেন,,,।
আজ ঢাকার প্রথম পর্বে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় খেলবে বরিশাল বার্নার্স ও খুলনা রয়েল বেঙ্গলস। এবং সন্ধ্যা ছয়টায় খেলবে দুরন্ত রাজশাহী ও সিলেট রয়েলস।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা গ্ল্যাডিয়েটরস- ২০ ওভারে ২০২/৫ (আশরাফুল ৭৩, কোব অপ: ৩৪, শাহ ২৮, রাইট ২২, এনামুল ১৯, নাসির ১/২৫)।
রংপুর রাইডার্স- ২০ ওভারে ১৬৭/৪ (নাসির ৮০ ও ব্রেইন অপরাজিত ৪০; সাকিব ২/১৭)।