এসো চিঠি লিখি
বঙ্গবন্ধুকে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩১
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চিঠি লিখতে পারবে নতুন প্রজন্ম। চিঠির বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। রাজনীতি, অর্থনীতি, সমকালীন প্রেক্ষাপটে তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ক্ষোভ ও অভিযোগের কথা জানানো যাবে তাঁকে।
বৃত্তান্ত ’৭১ নামে একটি সংগঠন আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করেছে এই চিঠি উত্সব। নতুন প্রজন্মকে গৌরবময় মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানাতে এবং মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টায় গড়ে উঠেছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নির্বাহী পরিচালক মো. তানভীর। তিনি জানান, সারাদেশের শিশু, কিশোর ও তরুণরা তিনটি বিভাগে এই উত্সবে অংশ্রগহণ করতে পারবে। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
তিনি বলেন, প্রতি বিভাগে সেরা চিঠি লেখকদের জন্য প্রথম পুরস্কার থাকছে একটি করে ল্যাপটপ। আর বাছাইকৃত ৭১টি চিঠি নিয়ে প্রকাশ করা হবে বই। লেখকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যে চিঠি পাঠাতে হবে। চিঠি লেখককে পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, ফোন নম্বর, শ্রেণী ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
চিঠিটি ৭০০ শব্দের মধ্যে হতে হবে। হাতে লিখে বা কম্পোজ করে চিঠি পাঠাতে হবে বৃত্তান্ত ’৭১ অফিসে। ঠিকানা : বৃত্তান্ত ’৭১ কার্যালয়, ৩৩/১ (নতুন) শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, ১২৮/১ (পুরাতন) নিউ সার্কুলার রোড, দ্বিতীয় তলা, ঢাকা-১২১৭। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা বৃত্তান্ত ’৭১-এর চিঠির বক্সে চিঠি ফেললেও হবে। ইমেইল করেও চিঠি পাঠানো যাবে। ঠিকানা: brittanto71@yahoo.com