রাজশাহীতে এটিএম বুথের টাকা নিয়ে গার্ড পলাতক

রাজশাহীতে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গার্ডের বিরুদ্ধে বুথ থেকে গ্রাহকের টাকা তুলে পালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের রাজশাহী জোনের ইনচার্জ বজলুর রহমান শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পলাতক আশরাফের বাড়ি নগরীর ডাশমারী এলাকায়। বোয়ালিয়া মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগের পর পুলিশ আশরাফকে খুঁজছে। জানা গেছে, এটিএম বুথের ভেতরের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ঘুরিয়ে টাকা বের করা হয়। গ্রাহকদের হিসাবে টাকার গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের নিকট থেকে গার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকাস্থ ‘এলিট ফোর্স’ সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুক্রবার রাতে থানায় মামলা করে। সূত্র জানায়, রাজশাহীতে ডাচবাংলা ব্যাংকের অলোকার মোড়ের প্রধান কার্যালয়ের নিচের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন গার্ড আশরাফ। এক সপ্তাহ আগে ওই বুথের কয়েক গ্রাহকের হিসাবে টাকার গরমিল ধরা পড়ে। গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন না করলেও তাদের হিসাবে টাকা উত্তোলন দেখানো হয়েছে। গ্রাহকদের নিকট থেকে এমন অভিযোগ পেয়ে ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি অনুসন্ধানে জানতে পারেন, বুথের ভেতরের সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে বুথ থেকে টাকা বের করার ঘটনা ঘটেছে। সূত্র মতে, গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলনকালে পিন ও লেনদেনের বাটন পাঞ্চ হওয়ার পর অনেক সময় কার্ড আটকে যায়। কার্ড আটকে যাওয়ায় গ্রাহক চলে গেলেও অনেক সময় টাকা বের হয়ে আসে। সেই টাকা আত্মসাত্ করেছে গার্ড আশরাফ। এ জন্য সে বুথের মধ্যে থাকা সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে ফেলে, যাতে ক্যামেরায় তার ছবি না আসে। সে কত টাকা তুলে নিয়েছে তা জানানো হয়নি।