সম্মেলনকে কেন্দ্র করে
বিভাজন বাড়ছে
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০১
বিগত দশ বছরেও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং-লবিং ও নেতৃত্ব আঁকড়ে ধরে রাখা বা নেতৃত্ব হারানোর আশংকায় সম্মেলন হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০০৩ সালে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ্যাডঃ সামছুল আলম ও হাবিবুর রহমান গ্রুপের দু’টি প্যানেল অংশ নেয়। এ দু’টি গ্রুপের মধ্যে সভাপতি পদে এ্যাডঃ সামছুল আলম ও সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হন। পরবর্তীতে এ্যাডঃ সামছুল আলম জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় তার গ্রুপের দ্বিতীয় সহ-সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। আবু বকর সিদ্দিক মন্ডল ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার পর সম্পাদক হাবিবুর রহমানের সাথে ঐক্যবদ্ধভাবে প্রায় দশ বছর ধরে দলীয় কর্মকাণ্ড ব্যাহত রেখেছেন। এতে মূল দুই নেতার (সামছুল ও হাবিব) কোন্দল বাড়তে থাকে। ২০০৯ সালে উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হন হাবিবুর রহমান। জেলা সভাপতি সামছুল আলম হাবিবকে হারানোর জন্য একই দল থেকে তার বিরুদ্ধে মাহবুবুর রহমান সরদারকে উপজেলা চেয়ারম্যান পদে ডামি প্রার্থী করেন। নির্বাচনে হাবিবুর রহমান ৩৮ হাজার, মাহবুবুর রহমান ১০ হাজার ভোট পান। জামায়াত প্রার্থী আ.ন.ম. আব্দুল ওয়াদুদ ৪৪ হাজার ভোটে নির্বাচিত হন। জামায়াতের সাথে আওয়ামী লীগ সভাপতির গোপন সমঝোতা ছিল বলে সে সময় ব্যাপক সমালোচনা হয়। উপজেলা নির্বাচনের পর দুই নেতার মধ্যকার কোন্দল তুঙ্গে ওঠে। পরবর্তীতে পৌর নির্বাচনের সময় হাবিবুর রহমান ও সামসুল আলম মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন সামসুল আলমকে সমর্থন জানালে হাবিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র পদে জয়লাভ করেন। নেতৃত্বের কোন্দলের কারণে দলের উপজেলায় পৌরসভা ও ইউনিয়নের এবং অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন ১০/১২ বছর ধরে হয়নি। জোড়াতালি দিয়ে সংগঠন চালানোর ফলে প্রায় একযুগ ধরে দলীয় কর্মকাণ্ডের তেমন অগ্রগতি হয়নি। ফলে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ অসন্তোষসহ নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়। গত ১৮ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে সম্মেলন হলেও কমিটি এখনো অনুমোদন পায়নি।
এদিকে আগামী ২৪ জানুয়ারি উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এ সম্মেলনে সামছুল গ্রুপের মির রেজাউল করিম ও আবু সাঈদ আল মাহমুদ, হাবিব গ্রুপের হাবিব ও নুরুজ্জামান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়াও সভাপতি পদে এককভাবে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাবেক সভাপতি আঃ কাদের বেপারী, সিনিয়র সহ-সভাপতি মহিরউদ্দিন মন্ডল, সম্পাদক পদে আমিনুল ইসলাম, জাফর সাঈদ চৌধুরী মাঠে নেমেছেন।