ট্রাক ও মাইক্রোর দখলে সিংড়া বাস টার্মিনাল

সিংড়ায় যানজট নিরসন ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে সোয়া কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল নির্মিত হলেও তা ব্যবহার করা হচ্ছে না। মহাসড়কের ওপরই বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। আর বাস টার্মিনাল ব্যবহূত হচ্ছে মাইক্রো ও ট্রাক টার্মিনাল হিসাবে। নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া বাজারের পাশে দীর্ঘদিন থেকেই বাসস্ট্যান্ড হিসাবে ব্যবহার হয়ে আসছিল। উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া জেলার যাত্রীদের রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে সিংড়া উপজেলার ্এই মহাসড়ক ছাড়া বিকল্প কোন পথ নেই। কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ওপরই চলে যাত্রী উঠানামা। ফলে নিয়মিতই লেগে থাকে যানজট। ২০১২ সালে উদ্বোধনের পর কিছুদিন টার্মিনালে বাস ঢুকলেও এখন আর তা ব্যবহার করা হয় না। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। এ ব্যাপারে সিংড়া পৌরসভার মেয়র শামিম আল রাজি জানান, নানাভাবে তাগিদ দিয়েও বাস চালকদের টার্মিনালমুখি করা যায়নি। তারা নিজেদের ইচ্ছামত মহাসড়কেই বাস রাখছেন।