কাল বাউফল আওয়ামী লীগের সম্মেলন
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৩
দীর্ঘ ৯ বছর পর বাউফল আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে আগামী ২২ জানুয়ারি। এ সম্মেলন ঘিরে চলছে জোড় প্রস্তুতি। উপজেলার ১৪টি ইউনিয়নে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। সভাপতি ও সম্পাদক এই প্রধান দু’টি পদে নেতা নির্বাচন নিয়ে চলছে নতুন করে হিসাব-নিকাশ। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নতুন নেতা নির্বাচন নিয়ে চলছে লবিং-গ্রুপিং। সভাপতি পদে বর্তমান সভাপতি হুইপ আসম ফিরোজ ছাড়া অন্য কারো নাম শোন না গেলেও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যায়। এদের মধ্যে রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মুন্সি, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু এবং নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক। ২০০৩ সালে বাউফল আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলেনে আসম ফিরোজ সভাপতি ও মোতালেব হাওলাদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন । তিন বছর মেয়াদি কমিটি দিয়ে চলে আসছে দীর্ঘ ৯ বছর । বাউফল আসনটিকে ধরে রাখতে চান হুইপ ফিরোজ। এ আসন থেকে তিনি পাঁচবার নির্বাচিত এমপি। এ আসনে বিভিন্ন কারণে তার জনপ্রিয়তা অনেকটা হ্রাস পেয়েছে বলে নিজ দলীয় নেতা-কর্মীদের এমন মন্তব্য। যদিও হুইপ ফিরোজ তার জনপ্রিয়তায় হ্রাস পাওয়ার কথা অস্বীকার করেন। এ কারণে আগামী নির্বাচনে প্রেক্ষাপট ভিন্নরূপ ধারণ করতে পারে এ আশঙ্কায় আসনটি যাতে হাতছাড়া না হয় সে জন্য আসনটি ধরে রাখতে এলাকায় ঘন ঘন সফর করে মাঠ-ঘাট চষে বেড়ান তিনি। ইতিপূর্বে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনগুলোর সম্মেলন শেষ করেছেন। একমাত্র উপজেলা ছাত্রলীগের দু’টি গ্রুপ রয়েছে এখানে।