মীর্জাগঞ্জের ১০ স্কুল-কলেজে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নেই

মীর্জাগঞ্জ উপজেলার ১০ স্কুল, মাদ্রাসা ও কলেজে প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে। একই সাথে রয়েছে শিক্ষক সংকট। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোতে গণিত ও ইংরেজী বিষয়ের শিক্ষক সংকট থাকায় আশানুরূপ ফলাফল হচ্ছে না। শিক্ষার মান নিম্নমুখী। প্রধান শিক্ষক না থাকায় প্রতিষ্ঠানগুলোতে অব্যবস্থাপনা বিরাজ করছে। মীর্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার যে সকল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলো হচ্ছে:সুবিদখালী আর কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুলতানাবাদ উচ্চ বিদ্যালয়, গাবুয়া জনতা উচ্চ বিদ্যালয়, শ্রীনগর উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, ভয়াং শরাফাতিয়া উচ্চ বিদ্যালয় ও মীর্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ্ শরীফ উচ্চ বিদ্যালয়। যে সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারের পদ শূন্য রয়েছে সেগুলো হচ্ছে:রামপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং ইসলামাবাদ মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা। এছাড়া উপজেলার কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের অধ্যক্ষের পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।