সৈয়দপুরে স্বতন্ত্র নতুন রেল বগি শপের কাজ শুরু
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৫
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় যাত্রীবাহী কোচ তৈরির সিসি শপ চালু না হলেও বগি শপ নামে একটি স্বতন্ত্র শপ চালু করা হয়েছে। এই শপে কেবল যাত্রীবাহী কোচের বগি (চাকার সঙ্গে যুক্ত অংশ) মেরামত করা হবে। কোচের আউট টার্ন বাড়াতে নবপ্রতিষ্ঠিত শপ কার্যকর ভূমিকা রাখে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র জানায়, রেলওয়ের ব্রড ও মিটার গেজ রেলপথের যাত্রীবাহী কোচ মেরামতের ৩টি শপ (উপ-কারখানা) রয়েছে এ কারখানায়। এই তিন শপে মেরামত করা কোচের বগি (চাকার সংযুক্ত অংশ) একমাত্র ক্যারেজ শপে মেরামত করা হতো। ফলে নিবিড় তদারকির অভাবে বাধাগ্রস্ত হচ্ছিল বগি মেরামত কাজ। এ অবস্থায় মেরামত কাজে গতি আনতে স্বতন্ত্র বগি শপ করার প্রয়োজন অনুভব করেন কারখানা কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ৩ বছর আগে কর্তৃপক্ষ স্বতন্ত্র বগি শপ করার প্রস্তাব পাঠায় রেলওয়ের নীতি নির্ধারক কর্তৃপক্ষের কাছে। প্রস্তাবে কারখানার ক্যারেজ শপকে ভেঙ্গে স্বতন্ত্র বগি শপ করার সম্ভাব্যতা তুলে ধরা হয়। এ প্রস্তাব কারিগরি পর্যায়ে যাচাই-বাছাই শেষে গত বছরের ডিসেম্বরে স্বতন্ত্র শপ গঠনের অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। শপের জনবল মঞ্জুরি করা হয়েছে ১শ’ ১২ জন। স্বতন্ত্র এ শপ চালুর মধ্যদিয়ে কারখানার মোট শপের সংখ্যা ২৬টি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী জানান, স্বতন্ত্র শপ চালু হওয়ায় বগি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের গুণগত মানের উন্নয়ন হবে। এছাড়া প্রতিবছর রেকর্ড সংখ্যক যাত্রীবাহী কোচ আউট টার্ন দেয়া সম্ভব হবে।