ঝিনাইদহে ধর্ষণ মামলায় ১০ বছরের শিশু কারাগারে
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৯
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের সামছুল ইসলামের ছেলে শাকিলকে (১০) ধর্ষণ মামলায় গত ৮ জানুয়ারি গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে সে জেল হাজতে। জানা গেছে, গত ১৪ ডিসেম্বর চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু শাকিল মামুন হোসেনের আড়াই বছরের শিশু কন্যার সাথে পেয়ারা পেড়ে ছাদ থেকে নামার সময় শিশুটির গোপনাঙ্গে আঘাত পায়। কিন্তু মা পরিত্যক্ত শিশুটির দাদী ঘটনার ২৬ দিন পর তার ক্ষতস্থানে আরো ক্ষতের সৃষ্টি করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে বড় অংকের টাকার মাধ্যমে ঘটনাটি মীমাংসার দাবি জানিয়ে দুই জনকে সাক্ষী বানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে মামলা করে। মামলার সাক্ষী মো. লিটন ও লাল চান ঘটনা সম্পর্কে বলেন, আমরা কিছুই জানি না। তারা আরো বলেন, আমাদের না জানিয়ে সাক্ষী হিসেবে নাম দিয়েছে। তারা আদালতে মিথ্যা সাক্ষী দেবেন না বলেও লিখিতভাবে জানিয়েছেন। শিশুটির দাদী সাবিনার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু সাজানো মামলা করার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান। শিশু শাকিল বর্তমানে যশোর কারাগার সেলে রয়েছে।